সাত খুন: বিচারকসহ ৫ জনের সাক্ষ্য-জেরা সম্পন্ন
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় এক বিচারকসহ পাঁচ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য ও জেলা অনুষ্ঠিত হয়।
আগামী ৩০ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
পাবলিক প্রসিকিউটর এসএম ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রের্কডকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচএম শফিকুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। তিনি চার আসামি এবং সাক্ষী হিসেবে পাঁচ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
“পরবর্তীতে মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
“পর্যায়ক্রমে জব্দ তালিকার সাক্ষী হিসেবে আব্দুল আউয়াল, আজাদ শেখ, মোহাম্মদ হাসান ও আব্দুর রহিমের সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়।”
সকালে কড়া নিরাপত্তার মধ্যে দুই মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এমএম রানা ও আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।
ওই ঘটনায় নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
