২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচর উপজেলার তাজপুর গ্রামে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 02:44 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

ওই দুই ঘটনায় জড়িত অভিযোগে সোমবার ও মঙ্গলবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, ধর্ষণের শিকার দুই শিশুর মধ্যে একজনকে মাদারীপুর সদর হাসপাতালে এবং আরেকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই তরুণের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তৃতীয় শ্রেণির মেয়েটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে তাদের প্রতিবেশী এক তরুণ (১৮) তার আট বছর বয়সী মেয়েকে তাদের ঘরে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটির বাবা জানান, শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

অপর ঘটনা ঘটে সোমবার বিকালে।

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক আবুল খায়ের মিয়া জানান, সোমবার বিকালে প্রতিবেশী এক তরুণ (১৯) সাত বছর বয়সী মেয়েটিকে পাশে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে।

শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পাঠানো হয় মাদারীপুর সদর হাসপাতালে।