পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই খালাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের কাজলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি মো. জাকির রাব্বানী জানান।
এরা হল কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার আল আমিনের ছেলে আবির (৫) ও তার খালাত ভাই তানজিন (৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, শনিবার কাজলাহাটি গ্রামে নানা বাচ্চু মিয়ার বাড়ি বেড়াতে আসে তারা। সোমবার দুপুরে ১২টার দিকে স্থানীয়রা বাড়ির সামনের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
“পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।”
পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
