তজুমদ্দিনে ৩শ পরিবার গৃহহীন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভোলার মেঘনা তীরবর্তী তজুমদ্দিন উপজেলায় অন্তত তিনশ পরিবার ঘর হারিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ভেসে গেছে কয়েকশ পুকুর ও মৎস্য ঘের।
উপজেলার শশীগঞ্জ বাজার ও চাঁদপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরজমিনে শশীগঞ্জ বাজার ও চাঁদপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, অন্তত তিনশ পরিবারকে খোলা জায়গায় থাকতে হচ্ছে। তারা এখনও কোনোরকম আশ্রয় তৈরি করতে পারেনি।
সমগ্র উপজেলাজুড়ে পথে পথে দেখা গেছে ঝড়ের ক্ষতচিহ্ন। ঘর ভেঙে যাওয়ায় রান্না করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। কেউ কেউ রান্নাই করতে পারছে না। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল আহমেদও এটি স্বীকার করেন।
সরকারের পক্ষ থেকে তজুমদ্দিনে একলাখ টাকা ও ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শশীগঞ্জ গ্রামের ক্ষতিগ্রস্ত মাইনুর বেগম বলেন, “ঝড়ে ঘড়ে ভেঙে চুরমার হয়েছে, মারা গেছে চারটি হাঁস ও চারটি মুরগি। এখন কীভাবে নতুন করে ঘর তুলব জানি না।”
জেলে আবদুল মালেক বলেন, “ঝড়ে ঘড় ভেঙে গেছে, পাঁচ মণ চাল ছিল; তা ভেসে গেছে পানিতে। কিছুদিন আগে ঘর তুলেছিলাম। এখন আকাশের নিচে রয়েছি।”
একই এলাকার ইউসুফ বলেন, “মুহূর্তের মধ্যে সব শেষ করে নিয়ে গেছে ঝড়টি, এখন আমাদের থাকার কোনো স্থান নেই। দুই দিন ধরে না খেয়ে দিন কাটাচ্ছি।”
কামরুন নেছা বলেন, “প্রাণে রক্ষা পেয়েছি; কিন্তু ঘরটি রক্ষা হলো না, এখন খোলা জায়গায় দিন কাটাচ্ছি। কোথায় রান্না করব, আমাদের কিছুই অবশিষ্ট নেই।”
জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় অন্তত পাঁচশ পুকুর ও মাছের ঘের প্লাবিত হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার চার হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের জন্য ইতিমধ্যে নগদ চার লাখ টাকা ও ৫০ মেট্রিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
“এছাড়া তজুমদ্দিনের ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ বান্ডেল টিন আর নগদ দুই লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি, ২/১ দিনের মধ্যে তাদের কাছে এ সাহায্য পৌঁছবে।”
