২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভুট্টার আবাদ বেড়েছে

দিনাজপুরের কৃষকরা বোরো আবাদ কমিয়ে ভুট্টার আবাদে ঝুঁকছে।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 01:22 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

বোরা ধান চাষে ক্রমাগত লোকসানের কারণে এদিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, বোরো ধান চাষে সার-সেচসহ নানাভাবে খরচ অনেক বেশি। সে তুলনায় ভুট্টা আবাদে খরচ কম, কিন্তু লাভ বেশি। ভুট্টার ভালো চাহিদাও রয়েছে। 

দিনাজপুরের বিরল উপজেলার কৃষক আজাহার মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে ধানের দাম নেই। এক বিঘা জমির ধান থেকে ৭/৮ হাজারের বেশি লাভ হয় না। অথচ এক বিঘা জমিতে ভুট্টা আবাদ করে লাভ হয় ২৮ থেকে ৩০ হাজার টাকা।

কাহারোল উপজেলার ভুট্টা চাষি জিতেন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বিঘা ধান চাষে খরচ হয় ১২ থেকে ১৩ হাজার টাকা। ওই ধানের বিক্রয় মূল্য ২০ হাজার টাকারও কম।  

তিনি বলেন, এবার এক বিঘা জমিতে ভুট্টা চাষ করে তার খরচ হয়েছে প্রায় ১৮ হাজার টাকা। এই ভুট্টা বিক্রি করেছেন প্রায় ৫০ হাজার টাকায়। 

সেই হিসাবে এক বিঘা জমিতে ভুট্টা চাষে মুনাফা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

কৃষি বিভাগ থেকে কৃষককে বেশি করে ভুট্টা চাষের পরামর্শ দেওয়ার কথা স্বীকার করে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের চেয়ে এবার ৯ হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে।

এ বছর জেলায় ৫০ হাজার ৯৭৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে বলে জানান তিনি।