৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চালু
গাজীপুরের ভাওয়াল গাজীপুর স্টেশনে এলাকায় লাইনচ্যুত হাওড় এক্সপ্রেসকে তোলার পর ঢাকা-ময়মনসিংহ পথে সাত ঘণ্টা পর শুরু হয়েছে ট্রেন চলাচল।
ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী ট্রেনটি রোববার মধ্যরাতে ভাওয়াল গাজীপুর স্টেশনে পৌঁছার পর এর পেছন দিকের ৪ নম্বর বগির সামনের চাকা লাইনচ্যুত হয়।
এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে ট্রেনটি উদ্ধারের পর রেল চলাচল স্বাভাবিক হয় বলে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানিয়েছেন।
তিনি বলেন, লাইনচ্যুত বগিসহ পাঁচটি বগি রেখে ট্রেনের সামনে অংশের সাতটি বগি নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গিয়েছিল হাওড় এক্সপ্রেস। অন্যদিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটি তোলার কাজ শুরু করে।
হাওড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যমুনা, বলাকা ও জামালপুর কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। চলাচল স্বাভাবিক হওয়ার পর এগুলো গন্তব্যে রওনা হয়।
জয়দেবপুর জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, বগি লাইনচ্যুত হওয়ায় দেড় শ গজ রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
