২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ী হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড

গাজীপুরের টঙ্গীতে দশ বছর আগে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চার আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 02:19 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া রোববার এ রায় ঘোষণা করেন।

চার আসামি হলেন- টঙ্গীর এরশাদ নগরের মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), বাবু (৩২), আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)।

আসামিরা পলাতক বলে এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান।

তিনি বলেন, রায়ে চার জনের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা এবং আরেকটি ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাতে আসামিরা টঙ্গীর এরশাদ নগর এলাকায়  মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে চাঁদার দাবিতে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর দিন সেন্টুর বাবা বাদি হয়ে টঙ্গী থানায় মামলা করেন।