৬ জঙ্গির জন্য বেনাপোল সীমান্তে সতকর্তা
ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যায় জড়িত হিসেবে ‘চিহ্নিত’ ছয় জঙ্গির দেশত্যাগ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রেড অ্যালার্ট’ জারি করার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যাতে দেশত্যাগ না করতে পারে সেজন্য বাড়তি সতর্কতা রাখতে সরকারিভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
যারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ও ভিসা সঠিকভাবে যাচাই করে তারপর দেশত্যাগের অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি বেনাপোলসহ যশোর জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
পাশাপাশি সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ রোধেও বিজিবি কড়া নজরদারি রেখেছে বলে জানান জাহাঙ্গীর।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যার ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে বৃহস্পতিবার ওই ছয়জনের ছবি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
‘চিহ্নিত’ ওই ছয় জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জানিয়ে তাদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয় সেদিন।
তারা যাতে বিদেশে পালাতে না পারে, সেজন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে পরদিন সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এই ছয়জন হলেন- শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২, সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আব্দুস সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল এবং সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস।
