ছাত্রীর ‘শ্লীলতাহানি’, শিক্ষককে পিটিয়ে পুলিশে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ক্লাসরুমে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে পিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার গোগনগর এলাকার তাজেক প্রধান কিন্ডার ও উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ইব্রাহিমকে (৪৫) আটক করা হয় বলে সদর মডেল থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান।
শিক্ষক ইব্রাহিম এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রীর অভিযোগ, শনিবার সকালে বৃষ্টির কারণে অন্য কোনো শিক্ষার্থী না আসায় শিক্ষক ইব্রাহিম ক্লাসরুমে ঢুকে তাকে একা পেয়ে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।
“পরে ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে শিক্ষককে পিটিয়ে আহত করলে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়।”
এদিকে ঘটনা পরপরই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে পরিবহন শ্রমিকরা স্থানীয় বিভিন্ন সড়কে এলোপাথাড়ি যানবাহন ফেলে রাখলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে এসআই জানান।
তিনি বলেন, ওই ছাত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
“অপরদিকে শিক্ষক নিজেকে ষড়যন্তের শিকার বলে দাবি করায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিচার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা বিভিন্ন স্থানে এলোপাতাড়ি যানবাহন ফেলে রেখে সড়ক অবরোধ করে।
পরে পুলিশ গিয়ে শিক্ষকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেয় বলে তিনি জানান।
