২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় জোয়ারে ভেসে প্রাণ গেলে মা-মেয়েসহ ৩ জনের

ঘূর্ণিঝড় রোয়ানু থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারে ভেসে নোয়াখালীর হাতিয়ায় মা-মেয়েসহ তিন জনের প্রাণহানি হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শনিবার সকালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে তারা জোয়ারে ভেসে যায়।

নিহতরা হলেন বয়ার চরের আলির ঘাট এলাকার আবুল কাশেমের স্ত্রী মিনারা বেগম (৩৫), তাদের মেয়ে রুমা (১০) ও জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিনের স্ত্রী মাকসুদা বেগম (৫১)।

বয়ারচর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুসফিকুর রহমান জানান, সকালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় জোয়ারে ভেসে যায় মিনারা ও তার মেয়ে রুমা। বেলা ২টার দিকে তাদের লাশ পাওয়া যায়।

মাকসুদা বেগমও আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারে ভেসে যান বলে জানান জাহাজমারা ইউপির চেয়ারম্যান মাসুম বিল্লাহ।

ঝড়ে নিহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানান হাতিয়ার ইউএনও আবু হাসান মো. মইনুদ্দিন।

এছাড়া হাতিয়ায় প্রায় এক লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। প্রবল জোয়ারের আশঙ্কায় দ্বীপের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।