গাজীপুরে বাঁশঝাড় থেকে নবজাতক উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি বাঁশঝাড় থেকে এক নবজাতককে পাওয়া গেছে।
বৃহস্পতিবার উপজেলার মূলগাঁও এলাকার একটি বাঁশঝাড় থেকে একদিন বয়সী ওই মেয়ে বাচ্চাটিকে উদ্ধারের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।
তিনি বলেন, বিকালে মূলগাঁও গ্রামের সিদ্দিকুর রহমান খান ওই পথ দিয়ে যাওয়ার সময় বাচ্চার কান্না শুনতে পান। পরে কাছে গিয়ে রক্তমাখা নবজাতককে দেখতে পেয়ে থানায় খবর দেন।
“সেখান থেকে গ্রামের কবিতা বেগমের সহযোগিতায় বাচ্চাটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।”
কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান বলেন, মানবিক কারণে বাচ্চাটির দায়িত্বভার মূলগাঁও গ্রামের কবিতা ও মোবারক দম্পতিকে দেওয়া হয়েছে। পরিচয় পেলে বাচ্চাটিকে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।
