আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ঢাকার সাভার উপজেলায় যৌতুক না পেয়ে পোশাক শ্রমিক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার কাঠগড়া এলাকা থেকে পারুল বেগমের (২০) লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান।
পারুল রংপুর জেলার কোতোয়ালি থানার আদর্শ গ্রামের আব্দুর রবের মেয়ে। তিনি কাঠগড়া এলাকায় গ্রিন লাইফ পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
স্বজনদের বরাত ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন ধরে পারুলকে তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন তার স্বামী শাওন মিয়া।
“পারুল অস্বীকার করলে সকালে শাওন তাকে শ্বাসরোধে হত্যা করে রুমে তালা ঝুলিয়ে পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ।”
শাওনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ঘটনার পর থেকে তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
