মাদক বিক্রেতাদের পুনর্বাসিত করছে মাগুরা পুলিশ
‘সুপথে ফিরে আসার অঙ্গীকার করা’ মাদক বিক্রেতাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে মাগুরার পুলিশ।
বুধবার বিকালে শহরের নান্দুয়ালী এলাকায় রাশেদ নামে এক মাদক বিক্রেতাকে ব্যাটারিচালিত রিকশা দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ইতোপূর্বে পুলিশ অভিযান চালিয়ে একের পর এক মাদক বিক্রেতাকে আটক করলেও জামিনে বেরিয়ে তারা আবার এ কাজে যুক্ত হয়েছে।
“এ কারণে পুনর্বাসনের মাধ্যমে তাদের সুপথে ফিরে আসার সুয়োগ দেওয়া হচ্ছে।”
ইতোমধ্যেই ১২ জন ‘সুপথে’ ফিরে আসার অঙ্গীকার করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর থানার ওসি আজমল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
