সেলিম ওসমানকে গ্রেপ্তারের দাবি গণসংহতি আন্দোলনের
শিক্ষককে কান ধরে উঠবস করানোয় স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানসহ দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
দলের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় পরিচালনা কমিটির কার্যকরী সদস্য আব্দুস সালাম, আরিফুল ইসলাম ও গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন।
জোনায়েদ সাকি বলেন, “প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে যেভাবে অপমান-হেনস্তা করা হয়েছে এটা আসলে খুনের চেয়ে কম বড় অপরাধ নয়। খুন করা যেমন অপরাধ, একজনকে হেনস্তা করাও কম বড় অপরাধ নয়।
“আমরা এখন পর্যন্ত সেলিম ওসমানসহ জড়িতদের আইনের আওতায় আনতে দেখিনি। অথচ তিনি সংবাদ সম্মেলন করে নিজের পক্ষে সাফাই গাইছেন।”
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি অপরাধ করার পরও আইনমন্ত্রী বলছেন, যারা অপরাধ করেছেন তাদের শাস্তি পেতে হবে। কোথায় আপনাদের আইন?
“আমরা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই আইন কেন কার্যকর হচ্ছে না?। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না?”
জোনায়েদ সাকি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান এবং তার সঙ্গে কথা বলেন।
