২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যায় ২ জনের ফাঁসির রায়

রাজবাড়ীর পঞ্চম শ্রেণির ছাত্র রিফাত হোসেন হত্যার আড়াই বছর পর দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। একজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বুধবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন হলেন রাজবাড়ী সদরের সজ্জনকান্দা গ্রামের রণজিৎ সরকারের ছেলে রঞ্জন ও একই গ্রামের দুলাল শেখের ছেলে রাসেল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রনি চরনারায়ণপুর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিফাতকে কৌশলে অপহরণ করে আসামিরা। এরপর তারা রিফাতের বাবা মোক্তার আলীর কাছে মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কিন্তু মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করে সজ্জনকান্দা গ্রামের ভৈরব শীলের শৌচাগারের সেপটিক ট্যাংকে রিফাতের লাশ লুকিয়ে রাখে তারা।

ঘটনার আট দিন পর ১৪ নভেম্বর রঞ্জনকে রাজবাড়ী সদর থানার পুলিশ গ্রেপ্তার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী রিফাতের লাশ উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ী আদালতের পিপি উজির আলী জানান, এ ঘটনায় রিফাতের বাবা মোক্তার আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিফাতের মা রুবি আক্তার।