২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় বসে উত্তরপত্র লেখা, শিক্ষকসহ দুইজনকে কারাদণ্ড

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র ভাড়া বাসায় বসে লেখার সুযোগ করে দেওয়ায় শেরপুরে শিক্ষকসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম ওই শিক্ষককে তিন বছর ও তার সহযোগীকে দুই বছর করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জি কে স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও তার সহযোগী লাল মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি দীপক কুমার মালাকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এছাড়া ইয়াকুবকে পাঁচ হাজার ও লাল মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করেছে আদালত।

জরিমানা না দিলে ইয়াকুবকে আরও তিন মাস এবং লাল মিয়াকে এক মাস কারাভোগ করতে হবে বলে জানান এপিপি।

মামলায় অপর দুই আসামি রাবেয়া সুলতানা সম্পা ও আয়শা খাতুনকে খালাস দিয়েছে আদালত।

২০১২ সালের ২৯ জুন দুপুর ১২টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে প্রশ্ন ও খাতাসহ শহরের মাধবপুর মহল্লার আব্দুল হাইয়ের ভাড়া বাসা থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

পরে ডিবি পুলিশের এসআই মিন্টু মিয়া বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করেন। তদন্ত করে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে।