বাগেরহাটে বাসের ধাক্কায় কনস্টেবল নিহত
বাগেরহাট সদরে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের কারদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান খান জানান।
নিহত কনস্টেবল মোল্লা ওমর আলী (৫২) বাগেরহাট শহরের বাসাবাটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ওমর আলী গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার বনগ্রাম গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে।
ওসি মিজানুর বলেন, সকালে বাসাবাটি ফাঁড়ি থেকে বাইসাইকেল করে জেলা আদালতে যাচ্ছিলেন ওমর। কারদার এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর।
