মাদারীপুরে নারী-পুরুষের লাশ উদ্ধার
মাদারীপুর সদরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কালকিনি উপজেলায় পাঁচদিন আগে নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে টুবিয়া বাজারের একটি ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান মনিরুজ্জামান।
এএসপি মনিরুজ্জামান আরও বলেন, সোমবার রাতে কালকিনি উপজেলা থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে, যিনি পাঁচদিন আগে নিখোঁজ হয়েছিলেন।
নিহত রোকসানা বেগম (৩৫) উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুনিয়াকুল গ্রামের জয়নাল ঢালীর স্ত্রী। গত বুধবার নিখোঁজ হন তিনি।
মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘুনিয়াকুল গ্রামের একটি ইরিক্ষেত থেকে রোকসানার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর থানার মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
