রাবি শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত
অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারে চার মন্ত্রীর আশ্বাস পেয়ে চলমান আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম শান্তনু।
রাজশাহী এসে শনিবার ও রোববার শিক্ষক, শিক্ষার্থী ও অধ্যাপক রেজাউলের স্বজনদের সঙ্গে সাক্ষাত করেন। তারা হত্যার দ্রুত বিচারের আশ্বাস দিয়ে শিক্ষক সমিতির আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানান।
গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সুধী সমাবেশে যোগ দেন। এর আগে তারা প্রয়াত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর বাসভবনে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাত করেন।
পরদিন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও আসেন বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। পরে সেখান থেকে তিনি অধ্যাপক রেজাউলের বাসভবনে যান।
নিহত রেজাউল করিম সিদ্দিকী
দোষীদের শনাক্তকরণ এবং শাস্তিবিধানে সরকারি দপ্তরসমূহের আন্তরিকতার অভাব দেখা গেলে শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি গ্রহণ করবে, বলেন তিনি।
একই কারণে ইংরেজি বিভাগও তাদের চলমান কর্মসূচি স্থাগিত করেছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ।
গত ২৩ এপ্রিল থেকে তারাও হত্যাকারীদের বিচার দাবিতে মৌন মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করে আসছিল।
অধ্যাপক শহীদুল্লাহ বলেন, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২০ মে থেকে ২৬ মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ২৭ মে শুক্রবার হওয়ায় শনিবার পুনরায় কার্যক্রম শুরু হবে।
তারপরই নতুন কর্মসূচির কথা ভাবা হবে বলে জানান শহীদুল্লাহ।
গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলকায় নিজ বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলকে গলাকেটে হত্যা করা হয়।
এই ঘটনায় গত সোমবার জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এর আগে হত্যার পর জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছিল। তবে সরকার বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বলে দাবি করে আসছে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
