২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীঘ্রই অধ্যাপকের হত্যাকারীদের সামনে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের খুব শিগগিরই সামনে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 05:59 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজাউল করিম সিদ্দিকীর হত্যকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে আয়োজিত শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সংস্কৃতিমনা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে তার বাড়ির মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যার পর জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ, এদের মধ্যে তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছুটির মধ্যের টানা প্রতিবাদ আন্দোলন চলে আসছে।

এ পরিস্থিতে শিক্ষক-শিক্ষার্থীদের “দয়া করে আন্দোলন বন্ধ করে আপনারা ক্লাসে ফিরে যান” বলে সমাবেশে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “আমরা তদন্তের খুব কাছাকাছি এসেছি। তদন্তের স্বার্থে কিছুই আমরা বলছি না। আপনাদের এই বলে আস্বস্ত করতে চাই যে, খুব শীঘ্রই হত্যাকারীদের আপনাদের সামনে হাজির করব এবং বিচারেরর কাঠগড়ায় দাঁড় করব।”

“একাত্তরের পরাজিত সৈনিক বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এ দেশে আবির্ভূত হচ্ছে এবং প্রচেষ্টা নিচ্ছে এ সমস্ত হত্যকাণ্ডের। বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশি ও বিদেশি চক্রান্তের অংশ হিসেবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।”

তিনি বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী শহরে পুলিশি টহল বাড়ানোর প্রতিশ্রুতিও দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্য দেন।

তিনি বলেন, “পুরো দেশের শিক্ষা পরিবার এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঐক্যবদ্ধ। এ ধরনের হত্যকাণ্ড প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

গত দশ বছরে এই বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “পুলিশের কার্যক্রম একজন অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া পর্যন্ত।

“তার পর যারা দায়িত্ব পালন করেন আপনাদের দাবি যেন তাদের কাছেও পৌঁছে আপনারা সেই উদ্যোগ নেবেন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার সব ধরণের কর্মপ্রয়াস নেওয়া হয়েছে। এই কর্মপ্রয়াসের সাথে বাইরের শক্তির সঙ্গে ভেতরের শক্তিও জড়িত আছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “আমরা কথার ফুলঝুরি চাই না। আমরা এই হত্যাকাণ্ডের সুরাহা না দেখা পর্যন্ত ঘর ফিরে যাব না। যতক্ষণ না হত্যকারীদের বিচার হয় ততক্ষণ এই আন্দোলন চলবে। আপনারা এর সময় বেঁধে দিন।”

সভায় নিহত অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি, উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল, রাবির ইংরেজি বিভাগের সভাপতি ড. মাসউদ আখতার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু।