সর্বজিতের আত্মহত্যায় শিক্ষা বোর্ডকে দায়ী করে মানববন্ধন
সর্বজিৎ ঘোষের আত্মহত্যায় বরিশাল শিক্ষা বোর্ডের প্ররোচণার অভিযোগ তুলে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনরা।
সোমবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সর্বজিতের মৃত্যুর জন্য শিক্ষা বোর্ডকে দায়ী করে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সর্বজিতের পরিবার ও সহপাঠীরা।
গত বুধবার দুপুর ২টার দিকে পরীক্ষায় ‘ফেল’ করার খবর পেয়ে আত্মহত্যা করে সর্বজিৎ। শনিবার শিক্ষা বোর্ড প্রায় দুই হাজার শিক্ষার্থীর ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের সংশোধিত ফল প্রকাশ করলে সর্বজিতের নাম পাওয়া যায় পাসের তালিকায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ফল বিপর্যয় বা সর্বজিতের আত্মহত্যার মতো ঘটনা ঘটত না। তারা এ ঘটনাকে আত্মহত্যায় প্ররোচনা বলে দাবি করে জড়িতদের শাস্তি চেয়েছেন।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, দুই প্রধান পরীক্ষকের ভুলে এই সমস্যা দেখা দেওয়ায় তাদের চিহ্নিত করার পর তদন্ত চলছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বরিশালে ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে ফল বিপর্যয়ের ঘটনায় তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
