হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত
কুমিল্লার বুড়িচংয়ে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। এ সময় আহত হয়েছেন দুই এসআইসহ পাঁচ পুলিশ।
সোমবার উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেতাহের চর গ্রামে এ ঘটনা ঘটে বলে বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান।
এসআই নন্দন সরকার, এসআই মো.শরিফুলসহ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফাঁড়ি ইনচার্জ বলেন, সোমবার বিকালে কুমিল্লা কোতোয়ালি থানার একটি হত্যা মামলা ও বুড়িচংয়ের ছিনতাই মামলার আসামি বাজেতাহেরচর গ্রামের আবদুল হালিমকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।
“তাকে ফাঁড়িতে নিয়ে আসার পথে স্থানীয় মেম্বার আবুল হোসেনের নেতৃত্বে কয়েকশ নারী-পুরুষ পুলিশবাহী অটোরিকশায় হামলা চালিয়ে হাতকড়াসহ হালিমকে ছিনিয়ে নেয়। এসময় হামলায় পাঁচ পুলিশ আহত হন।”
হালিমকে আবার গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি উত্তম কুমার বণিক।
