২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে জাতীয় পরিচয়পত্র সংশোধনে ঘুষের অভিযোগ

শরীয়তপুরে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে জেলা নির্বাচন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।  

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রয়োজনীয় নথি নির্বাচন অফিসে জমা দিয়েও টাকা বিনিময়ে সেগুলোর সংশোধনী মিলছে। আর টাকা না দেওয়ায় অনেকের কাগজ-পত্র গায়েব করে দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করছে নির্বাচন অফিস।

শরীয়তপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাস্টার বলেন, সরকারি চাকরিজীবীদের জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য কয়েক হাজার লোক নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

“কিন্তু মাসের পর মাস আটকে থাকলেও নির্বাচন অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী টাকা না পেয়ে সেগুলো ফেরত দিতে তালবাহানা করছেন।”

কারও কারও কাছ থেকে ২ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  

শরীয়তপুর শহরের পালং তুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহ আলমও এমন বিড়ম্বনার শিকার হয়েছেন। 

তিনি বলেন, “সদর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে। নির্বাচন অফিসে টাকা দিয়েও মাসের পর মাস ঘুরতে হচ্ছে।”

তুলাসার এলাকার বাবুল খান বলেন, “ভুল সংশোধন করতে এসে দিনের পর দিন ঘুরতে হয়। টাকা না দিলে আবার অনেকের ফাইল গায়েব হয়ে যায়।”

এ সমস্যা সমাধানে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা খালেকুর জামান বলেন, “আমার স্ত্রী ও আমার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নয় হাজার টাকা ঘুষ দিয়েছি। এর তিনমাস পর জাতীয় পরিচয়পত্র মিলেছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার বলেন, “লোকবলের অভাবে সঠিক সেবা দিতে পারছি না। যাদের ফাইল খুঁজে পাওয়া যায়নি তাদের ফাইল পুনরায় তৈরি করে সংশোধনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, কারও বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”