শিশু নিলা হত্যায় চাচির ফাঁসির রায়
কুমিল্লায় শিশু নিলা আক্তার হত্যার দায়ে প্রায় আট বছর পর নিজ চাচির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত শিউলি আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার সাড়ালিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
পিপি মোস্তাফিজুর রহমান লিটন মামলার বরাতে জানান, ২০০৮ সালের ২৮ অগাস্ট একটি মোবাইল চুরি হওয়া নিয়ে নিলার মায়ের সঙ্গে চাচি শিউলি আক্তারের কথা কাটাকাটি হয়।
“পরদিন সকালে শিউলি আক্তারের শোবার ঘরে খাটের নিচে মাটিচাপা দেওয়া শিশু নিলার মরদেহ উদ্ধার করা হয়।”
ওইদিনই নিলার বাবা আড়ালিয়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিউলি আক্তারকে গ্রেপ্তার করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মহিউদ্দিন আহমেদ আলম জানান, শিউলি আক্তার জবানবন্দিতে নিলাকে শ্বাসরোধ করে হত্যার পর শোয়ার ঘরে খাটের নিচে গর্ত করে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন।
