দক্ষিণ-পশ্চিমে বাস বন্ধ, দুর্ভোগ
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় করা ক্ষতিপূরণের মামলা প্রত্যাহারের দাবিতে মালিক-শ্রমিকদের ডাকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে দেশের দক্ষিণ পশ্চিমের ১১ জেলায়।
রোববার সকাল থেকে জেলাগুলোতে বাসসহ সব ধরনের দূরপাল্লার যান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।ভারত থেকে ফিরে নিজের জেলায় যেতে বাস না পেয়ে বেনাপোলে আটকা পড়েছেন কয়েকশ যাত্রী।
শনিবার বিকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির দক্ষিণাঞ্চলের ১১টি জেলায় ৪৮ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।
ধর্মঘটে রোববার সকাল থেকে ফরিদপুর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলচল বন্ধ রয়েছে।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি চৌধুরী বরকত ইবনে সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন শ্রমিক নেতাদের ডাকা ধর্মঘটের কারণে আন্তঃজেলার বাস যোগাযোগও বন্ধ রয়েছে।
খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, ট্রাংকলরি, কভার্ড ভ্যানসহ সকল ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ। ।
সাতদিনের আল্টিমেটামে মেনে না নেওয়ায় শনিবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ ধর্মঘটের ঘোষণা দেন।
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মমিনুল হক জানান, ধর্মঘটে যান চলাচল বন্ধ থাকায় ভারত ফেরত অনেক যাত্রী বেনাপোলে আটকা পড়েছেন। তবে ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ঈগল পরিবহনের কাউন্টারে আটকা পড়া ঢাকার ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, “রোববার ভোরে ভারত থেকে দেশে ফিরেছি। কিন্ত গাড়ি না ছাড়ায় বাড়ি ফিরতে পারছি না।”
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বকস দুদু বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় ভোর থেকে বাস-ট্রাক, ট্যাংক-লরি, কভার্ড ভ্যানসহ সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা। পাশাপাশি পরিবহন না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারছেন না রোগীরা।
জেলার বেসরকারি হাসপাতাল কেয়ার ক্লিনিকে পরিচালক আসাদুজ্জামান বলেন, আমাদের হাসপাতালের বেশ কিছু রোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে। কিন্তু যান চলাচল বন্ধ থাকায় তারা যেতে পারছেন না বলে জানান তিনি।
২০১১ সালের আগস্টে মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও সাংবাদিক মিশুক মুনীর নিহত হন। ওই সময় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।
ওই দুর্ঘটনার কথা উল্লেখ করে শনিবার সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা জুবায়ের বলেন, দুর্ঘটনার পর মানিকগঞ্জ আদালতে চুয়াডাঙ্গা ডিলাক্সের মালিক ও চালকের বিরুদ্ধে একটি মামলা হয়। সম্প্রতি নিম্ন আদালত থেকে মামলাটি বিচারের জন্য হাইকোর্টে নিয়ে যাওয়া হয়।
মামলাটি স্থানান্তরে বাদীপক্ষ ‘ক্ষমতার অপব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
উচ্চ আদালত থেকে ওই মামালা প্রত্যাহার করে প্রচলিত আইনে মামলা নিষ্পত্তির দাবি জানিয়ে আসছেন তারা।
