সিলেটে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার খায়েরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান।
এরা হল উপজেলার খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর ছেলে সেলিম হোসেন (১৫) এবং নূরুল ইসলামের ছেলে নবী হোসেন (১৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল সাড়ে ৭টার দিতে ইমরান, সেলিম ও নবী গ্রামের পাশের রাউটি বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
