সাজেদাপুত্রের রাজনীতি বন্ধে হাসিনার কাছে আবেদন
‘মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার’ অভিযোগে ফরিদপুরে এক সড়ক থেকে ওয়াহেদ সরদারের নামফলক ভেঙে ফেলার নিন্দা জানিয়েছেন তার তিন ছেলে, যারা বর্তমানে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
নগরকান্দা উপজেলার তালমার মোড় থেকে হাটকৃষ্ণপুর বাজারে যাতায়াতের ওই সড়ক থেকে গত মাসে ‘আ. ওয়াহেদ সরদার সড়ক’ নামের ফলকটি ভেঙে ফেলা হয়।
এজন্য তারা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরকে রাজনীতি থেকে অব্যাহতি দিতে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে আবেদনও করেছেন।
শনিবার ফরিদপুর প্রেস ক্লাবে ‘ওয়াহেদ সরদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ফলক ভেঙে ফেলার ও সরদার পরিবারের ওপর রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পড়েন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার সাইফুজ্জামান ওরফে বুলবুল।
উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, আওয়ামী লীগ কর্মী বাবলু সরদার, নগরকান্দা যুবলীগের সাবেক সভাপতি সরদার আশরাফুজ্জামান ও সাবেক পিপি আবুল বাসার সরদার। এই ছয় জনই ওয়াহেদ সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে বলা হয়, “সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর মায়ের ক্ষমতার অপব্যবহার করে প্রতিহিংসা ও রাজনৈতিক শত্রুতাবশত ঐতিহ্যবাহী আমাদের পরিবারের উপর কলঙ্কর কালিমা লেপন করে আওয়ামী লীগ বিদ্বেষী লোকের কু-পরামর্শে আমার পরলোকগত বাবার নামে মিথ্যা অপবাদ দিয়ে তার নামে প্রতিষ্ঠিত সড়কের নামফলক ভেঙে ফেলে নতুন নামের ফলক স্থাপন করেছেন।”
এতে অভিযোগ করা হয়, আয়মন আকবর তৃণমূল নেতাদের কথায় গুরুত্ব না দিয়ে বিএনপি নেতাদের দলে টেনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন এবং দল ‘ধ্বংসের খেলায়’ মেতে উঠেছেন।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে বলা হয়, “আয়মন আকবর নগরকান্দা ও সালথার বনেদী আওয়ামী লীগ পরিবারের সদস্যদের সম্মানহানি করছেন, মামলা দিয়ে হয়রানি করছেন। তাই অতি সত্বর আয়মন আকবরকে আওয়ামী লীগের সব কার্মকাণ্ড হতে অব্যাহতি দিয়ে নগরকান্দা ও সালথার জনগণ এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করুন।”
এ ব্যাপারে আয়মন আকবরের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “একথা শতভাগ প্রমাণিত ওয়াহেদ সরদার রাজাকার ছিলেন।”
‘মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে নামফলক ভাঙা হয়’ জানিয়ে তিনি বলেন, “আয়মন আকবর নগরকান্দা ও সালথার উন্নয়নের কারিগর ও আওয়ামী লীগের ঐক্যের প্রতীক। গত উপজেলা ও ইউপি নির্বাচনে মনিরুজ্জামান সরদার ও বুলবুল সরদার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন।
“এ কারণে বুলবুল সরদারকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়নি। যার ফলে তারা আয়মন আকবরের প্রতি বিষোদগার করছেন।”
গত ২৮ এপ্রিল ঢাকা-খুলনা মহাসড়কের তালমার মোড় এলাকায় নগরকান্দা মুক্তিযোদ্ধা সংসদের এক সভায় ওয়াহেদ সরদার মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করেন বলে বক্তব্য দেওয়ার পর নামফলকটি ভেঙে ফেলা হয়।
পরে সেখানে ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’ নামে নতুন ফলক স্থাপন করা হয়।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (কার্যকরী) তৈয়বুর রহমান বলেন, ওয়াহেদ সরদার মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করেছেন। এমন ব্যক্তির নামে স্বাধীন দেশে কোনো সড়কের নামকরণ হতে পারে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর, পৌরসভার সাবেক মেয়র আলীমুজ্জামান মোল্লা ও সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান।
