‘মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার’ কারণে সড়কের নামফলক বদল
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ‘মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার’ কারণে ‘আ. ওয়াহেদ সরদার সড়ক’ লেখা নামফলক ভেঙে নতুন নাম রাখা হয়েছে ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তালমার মোড় এলাকায় নগরকান্দা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত জনসভায় ওয়াহেদ সরদার মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করেন বলে বক্তব্য দেওয়ার পর নামফলকটি ভেঙে ফেলা হয়।
পরে ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’ নামে নতুন ফলক স্থাপন করা হয়।
জনসভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (কার্যকরী) তৈয়বুর রহমান বলেন, ওয়াহেদ সরদার মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করেছেন। এমন ব্যক্তির নামে স্বাধীন দেশে কোনো সড়কের নামকরণ হতে পারে না।
সভায় আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর, নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র আলীমুজ্জামান মোল্লা, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান প্রমুখ।
নগরকান্দা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুবকর নামফলক প্রসঙ্গে বলেন, ওই সড়কের প্রকৃত নাম ‘তালমা ডেইরি ফার্ম টু হাটকৃষ্ণপুর সড়ক’।
“দুই বছর ধরে আমি দেখে আসছি সড়কে ‘ওয়াহেদ সরদার সড়ক’ নামে একটি ফলক স্থাপন করা হয়েছে। এটি আমাদের সিদ্ধান্ত নয়। এখন আবার ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’ বলে নতুন যে নামকরণ করা হল, এর সাথেও আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।”
