এমপির বহরে ‘ধর্ষণ চেষ্টা’ মামলার আসামি
ফেনীর স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যাহর গাড়িবহরে তল্লাশি চালিয়ে ডাকাতি ও ধর্ষণ চেষ্টা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
তবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের এই এমপির দাবি, তার ‘ছেলেদের’ বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই।
শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।
আসামিরা হলেন- আবুবক্কর সিদ্দিক সাগর (২৩), একরামুল হক সাব্বির (২৩) ও ইকবাল হোসেন জহির (২২)।
র্যাব কর্মকর্তা শাফায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যাহ সোনাগাজী থেকে ঢাকা যাচ্ছিলেন।
“গোপন সংবাদে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তার গাড়িবহরের একটি সাদা মাইক্রেবাস থেকে সোনাগাজী থানার ধর্ষণ ও ডাকাতি মামলার এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার তিনজনই সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ ছাত্রলীগের সভাপতি ইফতেখার ইসলামের বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।
গ্রেপ্তার আসামিদের রাতেই সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এ ব্যাপারে রহিম উল্যাহ বলেন, “আমার ছেলেদের নামে কোনো মামলা বা অভিযোগ নেই। তবু র্যাব কেন তাদের গ্রেপ্তার করেছে- তা আমার জানা নেই।”
