২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেল করা ১১৪১ শিক্ষার্থী পাস

এসএসসি পরীক্ষায় প্রায় দুই হাজার শিক্ষার্থীর ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের সংশোধিত ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 10:27 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

সংশোধন অনুযায়ী, ফেল করার খবর শুনে আত্মহত্যা করা শিক্ষার্থী সর্বজিৎ ঘোষের নাম রয়েছে পাসের তালিকায়।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, এ বোর্ডে এ বছর এসএসসিতে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৪৯২ জন।

“তাদের মধ্যে ৫৮০৯ জনই ফল পুনর্বিবেচনা ও যাচাইয়ের আবেদন করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশোধনে ১৯৯৪ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ১১৪১ জন।”

প্রথম প্রকাশিত ফল ভুল হওয়া প্রসঙ্গে বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, নৈর্ব্যক্তিক উত্তরপত্র মূল্যায়নের সময় দুই প্রধান পরীক্ষক ‘খ’ ও ‘গ’ সেট গুলিয়ে ফেলেন।

“তারা ‘খ’ সেট প্রশ্নের মূল্যায়ন করেন ‘গ’ সেটের উত্তরপত্রের মাধ্যমে আর ‘গ’ সেটের মূল্যায়ন করেন ‘খ’ সেটের উত্তরপত্রের মাধ্যমে।”

ওই দুই পরীক্ষক হলেন বরিশাল নগরীর ব্রজমোহন স্কুলের শিক্ষক জুরানচন্দ্র চক্রবর্তী ও বরগুনার বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিরেন চক্রবর্তী।

তদন্তে তাদের কাজে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

অপরদিকে, ফেল করার খবর শুনে আত্মহত্যা করা শিক্ষার্থী সর্বজিৎ ঘোষের নাম পাসের তালিকায় রয়েছে বলে জানা গেছে।

সর্বজিতের বাবা শেখর ঘোষ বলেন, শনিবার বিকেলে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হলে তিনি জানতে পারেন।

“সংশোধনের পর সর্বজিৎ জিপিএ-৪.৬৭ পেয়েছে।”

সর্বজিৎ বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল।