২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন কিশোরের লাশ: ভেতর থেকে বন্ধ ছিল ঘর

ঢাকার সাভার উপজেলায় যে ঘরে তিন কিশোরের লাশ পাওয়া গেছে সেটা ভেতর থেকে বন্ধ ছিল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 07:55 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

সাভারে ঘরের ভেতর এক পরিবারের ৩ কিশোরের লাশ

শনিবার সকালে হেমায়েতপুরের মেসার্স প্রান্ত ডেইরি ফার্ম-২-এর কর্মচারী জিয়াউর রহমানের ঘর থেকে তার ছেলে জীবন (১৬) ও নাসির (১৫) এবং ভাগ্নে শাহাদাত হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনের সময় জিয়াউরের স্ত্রী নাসরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

“সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে যাই। অনেক ডাকাডাকিতেও সাড়া না পেয়ে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকি।”

জীবনের বাবা জিয়াউর রহমান বলেন, শাহাদাত ডেইরি ফার্মের মালিক শহিদুল ইসলামের গুডনাইট চাইনিজ রেস্টুরেন্টে কাজ করত।

“শুক্রবার রাতে কাজ শেষে রেস্টুরেন্ট থেকে মুরগির গ্রিল এনে তিন ভাই মিলে খায়। পরে রাতে আর তাদের সাড়া-শব্দ পাওয়া যায়নি।”

খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, “ফুড পয়জনিংয়ের কারণে তিন কিশোরের মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।

“ময়নাতদন্তে ফুড পয়জনিংয়ের কারণে মৃত্যু হলে তারা কী খাবার খেয়েছিল, খাবার কোথা থেকে আনা হয়েছিল, অথবা অন্য কী কারণ থাকতে পারে সেসব খতিয়ে দেখা হবে।”

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সাভার মডেল থানার এসআই নাসির উদ্দিন বলেন, জিয়াউর ডেইরি ফার্মের দুটি কক্ষে পরিবার নিয়ে থাকেন।

“জীবন ও নাসির পাশের একটি গ্যারেজে আর শাহাদাত ফার্ম মালিকের রেস্তোরাঁয় কাজ করত।”

তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর ঝুম্মাপাড়ায় বলে এসআই নাসির  জানান।