সীমান্ত এলাকা থেকে জামায়াতের সহিংসতার ভিডিওসহ আটক
ভারত থেকে ফেরার সময় জামায়াত-শিবিরের ১৩ সালের সহিংসতার ভিডিওসহ একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকার মেইন পিলার ৩ ও সাব পিলার ৩ এর কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক আজিজুল ইসলাম খোকন (৩৮) সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের বাবর আলীর ছেলে।
সাতক্ষীরা ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানান, ভোমরা স্থল বন্দর এলাকায় আজিজুল সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
“এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিম ও মেমোরি কার্ডে ২০১৩ সালের জামাত-শিবিরের সহিংসতার ছবি ও ভিডিও ফুটেজসহ বিজিবির অভিযানের ছবি এবং জামায়াত নেতাদের ছবি পাওয়া গেছে।”
তিনি জানান, তার বিরুদ্ধে সহিংসতার মামলা রয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক আরমান হোসেন অধিকতর অনুসন্ধানের জন্য আজিজুলকে বিজিবির ফিল্ড ইনটেলিজেন্স গ্রুপ যশোর অঞ্চলে পাঠানোর পরিকল্পনার কথা জানান।
