২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার প্রতি কোনো প্রতিহিংসা নেই: ইনু

সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নানা মামলা দিচ্ছে বলে বিএনপির অভিযোগ নাকচ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

তিনি বলেছেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই। বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার দেয়নি।”

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের আওতায় ভিডিপি ক্লাব থেকে তালবাড়িয়া হাইস্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন।

মামলার কারণ ব্যাখ্যা করে ইনু বলেন, “বেগম খালেদা জিয়া গত ৭ বছর ধরে কখনও জঙ্গি তাণ্ডব, কখনও সংসদকে অচল, কখনও আগুন যুদ্ধে মানুষ পুড়িয়ে, কখনও দেশি-বিদেশি মহলের সঙ্গে  চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করেছে।

“বেগম জিয়ার  ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হচ্ছে।”

অপরাধীদের শাস্তি দিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পথ বন্ধ  করাই সরকারের উদ্দেশ্য বলে জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় নারী জোটের আহবায় আফরোজা হক রীনা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।