দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।
শনিবার সকালে চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান জানান।
নিহত দুর্গা প্রসাদ রায় (৩৫) বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি আমেনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
তার স্ত্রী পারুল রানি রায়কে (৩১) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আনিছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন দুর্গা প্রসাদ।
“পথে একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুর্গা প্রসাদের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছে চালক।
