২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 01:26 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহার আলম জানান।

নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়ার পলাশহাটির মাইদুল ইসলামের দুই ছেলে ইকবাল হোসেন (২৫) ও এশফাক হোসেন হোসেন (১১)। তারা ঢাকার উত্তরাখানে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বাহার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বিআরটিসির দোতলা বাসের পেছনে ধাক্কা দেয়।  

“ওই সময় ইকবাল ও এশফাক মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এশফাকের মৃত্যু হয়।

“গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর স্থানীয়রা ওই বাসে আগুন দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেছে।

পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

দুভাইয়ের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।