২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকত্ব নিয়েও না যাওয়া ছিটবাসীর কাছে ভারতীয় দল

ছিটমহল বিনিময়ের সময় নাগরিকত্ব চাওয়া ৬০ জন ভারতে না যাওয়ায় তাদের মতামত জানতে এসেছে সেদেশের প্রতিনিধি দল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:31 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

কয়েকশ বছর আগে কোচবিহারের রাজা আর মুঘলদের দ্বন্দ্বের জেরে ১৯৪৭ সালে দেশভাগের সময় সৃষ্ট হয়এই ছিটমহল। বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহলে ৩৭ হাজার এবং ভারতের ভেতর থাকা ৫১টি বাংলাদেশের ছিটমহলে ১৪ হাজার বাসিন্দা বাস করত।

বাংলাদেশের স্বাধীনতার পর এ সংকট নিরসনে  ‘মুজিব-ইন্দিরা চুক্তি’ হয় দুদেশের মধ্যে। ২০১৫-র পহেলা অগাস্ট রাতে তা বাস্তবায়ন হয়।

এসব ছিটবাসীর মধ্যে প্রায় এক হাজার জন ভারতেরে নাগরিকত্ব নিয়ে সে দেশে চলে যেতে চান। ওপার থেকে কেউ আসতে চাননি।

গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই জনগণনায় এ ছিটমহলের ৭ হাজার ৬৯ জন বাসিন্দার মধ্যে ভারতে যাওয়ার জন্য মত দিয়ে জরিপ ফরম পূরণ করেন ৩১৭ জন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, “এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ৬০ দাসিয়ারছড়াবাসী জন্মভূমিতে থাকার জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে গত অক্টোবরে আবেদন করেন।

“তিন দফায় ২৫৭ জন দাসিয়ারছড়াবাসী ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে যান। অবশিষ্ট ৬০জন ভারতে না যাওয়ায় ভারতীয় প্রতিনিধি দল তাদের সঙ্গে মতবিনিময় করতে আসেন। ”

এদের ৫ জন মারা যাওয়ায় ৫৪ জন বাংলাদেশের থাকারর ইচ্ছার কথা ভারতীয় প্রতিনিধি দলকে দেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্রোপাধ্যায় জানান, যারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করেছেন তাদের মতামত নেওয়া হয়েছে।

এদের মধ্যে বাদল, হাজিরন, হেলাল, কল্পনা ও তানজিনা নামের ৫ জন দাসিয়ারছড়ার অধিবাসী উপস্থিত না থাকায় তাদের সম্পর্কে ভারতীয় প্রতিনিধি দল কোন মতামত নিতে পারেনি বলে জানান তিনি।

“পরবর্তীতে দুদেশের সরকার আলোচনার মাধ্যমে তাদের নাগরিকত্বর বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় জনগণনার অতিরিক্ত নিবন্ধক এস কে চক্রবর্তী, ভারতীয় সহকারী স্বরাষ্ট্র সচিব এমএস ইফশিতা শাহা পাল, কলকাতা সচিবালয়ের শাখা প্রধান এমএস কাজারী বিশ্বাস, রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপ্যাধায়, ঢাকার ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্ত, রাজশাহী হাই কমিশনের সহকারী এ্যাটাচে অভিজিৎ মিত্ত।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) নবী নেওয়াজ, পিপি এসএম আব্রাহাম লিংকন, ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম, বিলুপ্ত বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা মইনুল হক, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন প্রমুখ।