দৌলতপুরে হামলায় যুবলীগকর্মী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।
কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে প্রাগপুর মাঠে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান।
নিহত আক্কাস আলী (৩৮) দৌলতখালী গোডাউন বাজার গ্রামের মৃত রহমত সর্দারের ছেলে।
ওসি শহিদুল ইসলাম জানান, নাসির উদ্দিন নামে অপর এক যুবলীগকর্মীকে নিয়ে মোটরসাইকেলে প্রাগপুর থেকে দৌলতপুর যাচ্ছিলেন আক্কাস।
“রাত সাড়ে ১১টার দিকে প্রাগপুর মাঠের কাছে পৌঁছলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া হামলাকারীরা তাদের গতিরোধের চেষ্টা করে।
“আক্কাস আলী মোটরসাইকেল না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”
ওসি বলেন, গুরুতর জখম আক্কাস আলী মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় তার সঙ্গী নাসির উদ্দিন দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দেন।
পরে সংবাদ পেয়ে মথুরাপুর ক্যাম্পের পুলিশ গিয়ে আক্কাস আলীর লাশ উদ্ধার করে বলে জানান ওসি।
“কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে জানা যাবে।”
