বগুড়ার নবাববাড়ির মালিকানা দাবি করে সাইনবোর্ড
বগুড়ার নবাববাড়িটি সরকারিভাবে সংরক্ষণের সিদ্ধান্ত হওয়ার পর তিন ব্যক্তি ক্রয়সূত্রে এর মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়েছে।
সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ক্রয়সূত্রে এই সম্পত্তির মালিক আলহাজ্ব আবদুল গফুর, এ টি এম শাফিকুল হাসান, মোঃ মাছুদুর রহমান’।
আবদুল গফুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যার কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করেছেন তার নাম বলতে পারেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কার কাছ থেকে কিনেছি তা কাগজ দেখে বলতে হবে।”
এ ঘটনায় বগুড়া ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বুধবার বগুড়া সদর থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি বলেন, “প্রায় ১৫০ বছরের প্রাচীনতম বগুড়ার মোহাম্মদ আলী প্যালেস অ্যান্ড মিউজিয়াম সরকার সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
“এর পরও প্যালেসের নামফলক সরিয়ে তিন ব্যক্তি ক্রয়সূত্রে এর মালিকানা দাবি করে প্রধান ফটকে এবং ভিতরে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।”
এর আগে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, নবাববাড়িটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলীর স্মৃতিজিড়িত; ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক গুরুত্ব থাকায় পুরাকীর্তি আইন অনুযায়ী সরকার বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।
