থানায় আটক ভ্যান চালকের ‘রহস্যজনক’ মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ থানা হাজতে আটক এক ভ্যান চালকের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে।
নিহত বাবু মিয়া (৩৬) উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি কবরস্থানপাড়ার মৃত মুজা মিয়ার ছেলে।
পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন আর নিহতের পরিবারের লোকজন এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে মনে করছে।
কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকালে বাবুসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা হয়। এরপর দুপুরে তাকে গ্রেপ্তার করে বাকি দুজনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ধ্যায় তাকে থানায় এনে হাজতে রাখা হয়।
“বুধবার ভোরে হাজত খানার ভেতরের বাথরুমের গ্রিলের রডের সাথে নিজের পরনের গেঞ্জি পেচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে।
“আশংকাজনক অবস্থায় উদ্ধারের পর কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এরপর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাতে একই হাজত অভ্যন্তরে বাবুর সাথে মদ্যপ অবস্থায় মোটরসাইকেলসহ আটক আরও তিন আসামি রাখা হয়েছিল। তাদের ও পাহারায় থাকা পুলিশের অগোচরে ফাঁস নেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন ওসি।
নিহতের ভাতিজা লিটন মিয়া জানান, পুলিশ হেফাজতে বাবু চাচা মারা যাওয়ার পর নিহতের লাশ গ্রহণের জন্য পুলিশ বুধবার সকালে তার স্বজনদের থানায় ডেকে পাঠায়।
“কীভাবে বাবু চাচার মৃত্যু হয়েছে আমরা বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।”
এদিকে, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার ও ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও কামারখন্দ থানা পরিদর্শন করেন।
