বরিশালে কমেছে পাসের হার
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় টানা দ্বিতীয় বারের মত পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫ও।
বুধবার বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন।
সামগ্রিক ফলাফল থেকে দেখা যায়, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪১; যা
গত বছর ছিল ৮৪ দশমিক ৩৭।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। আর এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার কারণ জানতে চাইলে মুহাম্মদ শাহ্ আলমগীর বলেন, “গণিতের প্রশ্ন সৃজনশীল হওয়ার প্রভাব পড়েছে ফলাফলে।”
তৃণমূল পর্যায়ের অধিকাংশ শিক্ষকেরা সৃজনশীল পদ্ধতি না বোঝায় কারণে শিক্ষার্থীদেরও বোঝাতে পারেন না। ফলে জিপিএ-৫ কমে আসছে বলে মন্তব্য করেন তিনি।
বরিশাল বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আগে অভিযোগ ছিল জিপিএ-৫ বাড়লেও শিক্ষার্থীদের গুণগত মান বাড়ছে না। শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে গিয়েই জিপিএ-৫ কমছে।
ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ০৮ এবং ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৭৫।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী এক হাজার ৬০৯ জন এবং ছাত্র ১ হাজার ৫০৪ জন।
এছাড়া বোর্ডের অধীন এক হাজার ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভোলার বোরহানউদ্দিন গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুরের নাজিরপুর মধুভাঙ্গা বালিকা বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি।
