২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘পরকীয়ার জেরে’ যুবক হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।  

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বুধবার উপজেলার মোসলেমপুর গ্রামের চর থেকে জান্নাত রহমানের (২৬) লাশ উদ্ধার করা হয় বলে ভেড়ামারা থানার ওসি নুর হোসেন খন্দকার জানান।

জান্নাত ওই গ্রামের ফজলুর রহমান ওরফে ফজলু ড্রাইভারের ছেলে। তিনি কলা চাষী ছিলেন।

স্থানীয়দের বরাত ওসি বলেন, “মসলেমপুর গ্রামের বাবুলের স্ত্রীর সঙ্গে জান্নাতের  প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে মঙ্গলবার রাত ১২টার দিকে বাবুল ও তার লোকজন জান্নাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

“সকালে স্থানীয়রা জান্নাতের লাশ দেখে থানায় খবর দেয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

“ঘটনার পর থেকে বাবুল ও তার সহযোগীরা পলাতক রয়েছে।”