চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসছে ২৫ মে
চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগান থেকে আম বাজারজাত শুরু হবে আগামী ২৫ মে।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান জানান।
তিনি বলেন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৫ মের আগে কেউ আম বাজারজাতের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
“আমে যে কোনো প্রকার রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।”
রাসায়নিক মুক্ত আম বাজারে সরবরাহ করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ উদ্যোগের কথা জানিয়ে সাজদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার থেকে জেলায় পুরো মৌসুম জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, যাতে কেউ অপরিপক্ব আম রাসায়নিক মিশিয়ে বা কৃত্রিম উপায়ে পাকিয়ে বাজারজাত করতে না পারে।
২৫ মে থেকে আম স্বাভাবিকভাবে পাকবে, যে কারণে ওই দিন থেকে বাজারজাত করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন ও জমিরউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটুসহ জেলার বিভিন্ন স্থানের আম ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
