মানিকগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
মানিকগঞ্জ সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ২৮ জন।
মানিকগঞ্জ গোলুরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ১০জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও অন্যদের ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই এনামুল হক বলেন, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘ঈগল পরিবহনের’ একটি বাস রাতে মানরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
স্থানীয়দের সহযোগিতায় রাতে বাস ও আহতদের উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো পুলিশ ফাঁড়ি থেকে সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
