২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠে ‘মারামারির জেরে শিশুহত্যা’, আটক ৩

খাগড়াছড়ির গুইমারায় খেলার মাঠে দুই শিশুর মারামারির জেরে এক শিশুকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 09:03 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

মঙ্গলবার দক্ষিণ বড়পিলাক এলাকার সাজেদুর রহমানের ছেলে আবু ইউসুফ রানার (১২) লাশ উদ্ধার করা হয় বলে গুইমারা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।

আটক তিনজন হলেন প্রতিবেশী রমজান আলী, ফাতেমা বেগম ও হাজেরা বেগম।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকাল ৫টার দিকে গুইমারা উপজেলার দক্ষিণ বড়পিলাকে খেলার সময় আবুল কাশেমের ছেলে হাফিজুর রহমান হৃদয় (১০) ও সাজেদুর রহমানের ছেলে আবু ইউসুফ রানার মধ্যে মারামারি হয়।

“এ সময় হৃদয়ের হাত ভেঙে যায়। এর পর থেকে রানা নিখোঁজ ছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে দক্ষিণ বড়পিলাক এলাকার একটি সেগুন বাগানে তল্লাশি চালিয়ে লতাপাতায় ঢাকা লাশ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় নিহত রানার বাবা সাজেদুর রহমান গুইমারা থানায় পাঁচজনের নামে মামলা করেছেন।

ওসি বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি হৃদয়ের বাবা আবুল কাশেম ও মামা হযরত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।