সিলেটের সিটি সুপার মার্কেট ভাঙা শুরু
ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় থাকা সিলেট সিটি কর্পোরেশনের সিটি সুপার মার্কেট ভাঙা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজারে তিনতলা এই মার্কেট ভাঙার কাজ শুরু হয় বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব।
প্রথমে এর তিন তলার ১৪টি দোকান ভাঙা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ব্যবসায়ীরা কিছু সময় নিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে পুরো মার্কেট ভেঙে ফেলা হবে।”
গত ২১ এপ্রিল নগরীর তাঁতীপাড়ায় একটি তিনতলা ভবন ভেঙে ফেলে সিটি কর্পোরেশন। সোমবার থেকে শাহী ঈদগাহ এলাকার একটি ঝূঁকিপুর্ণ ভবন নিজ উদ্যোগে ভাঙার কাজ শুরু করেছে এর মালিক।
এনামুল হাবিব জানান, শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও প্রকৌশল বিভাগের এক গবেষণায় বিশেষজ্ঞ টিমের মাধ্যমে নগরীর ৩০টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে সিটি কর্পোরেশন।
এর মধ্যে মার্কেট, বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, সরকারি-বেসরকারি স্থাপনা রয়েছে।
তালিকায় আরও রয়েছে মদিনা মার্কেট এলাকার কিছু আবাসিক বাড়ি, আজমীর হোটেল, মাহমুদ কমপ্লেক্সের পেছনের আবাসিক ভবন, শেখঘাটের পুরাতন পাসপোর্ট অফিসের সাথের বাড়ি, সিলেট মদন মোহন কলেজের নবনির্মিত ভবন, মধুবন সুপার মার্কেট, পুর্বশাহী ঈদগাহের খান কুঞ্জ, কালাশীল এলাকার মান্নান ভিউ, শুভেচ্ছা-২২৬ শেখঘাট, চৌকিদেখীর সরকার ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ, জিন্দাবাজারের রাজা ম্যানশন, ভাতালিয়ার ১১৮ সীমানা দেয়াল, পুরাণ লেনের কিবরিয়া লজ, ভার্তখলার বাবর ট্রাভেলস ও খার পাড়া মিতালী-৭৪ নং বাড়ি।
তালিকার বাইরে আরও ২০-৩০টি ভবন রয়েছে। এগুলো সনাক্ত করা হয়েছে। এসব ভবনে ঝুঁকি নিয়ে মানুষ বাস করছে বলে জানান তিনি।
