শিক্ষার্থীকে ‘বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা’
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নূর উদ্দিন অপু (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান বলে ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক জানান।
নিহত অপু ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের মো. ইসমাঈলের ছেলে।
ইউপি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র নূর উদ্দিন অপু শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফেনী টাওয়ারের পাশে চৌধুরী ভবনে খালার বাসায় থেকে পড়ালেখা করতেন।
“রোববার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয়ে দুর্বৃত্তরা অপুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মধ্যরাতে শহরের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।”
সোমবার ভোরে অপুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে অপু মারা যান বলে তিনি জানান।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামন বলেন, দুর্বৃত্তদের হামলায় অপু নামে এক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ শুনেছে।
“নিহতের পরিবারের পক্ষ থেকে সোমবার রাত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।”
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
