২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সহযোগিতায় মাদক বিক্রেতার বাড়ি ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় পুলিশের সহযোগিতায় ‘তিন মাদক ব্যবসায়ীর’ বসতভিটা ভেঙে দিয়েছে এলাকার লোকজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

সোমবার দুপুরে কামাল মিয়া, শামছু মিয়া ও হিরণ মিয়ার বাড়িঘর ভাংচুরে স্থানীয় অর্ধশতাধিক মানুষ অংশ নেয়।

ভাংচুরের আগে দুপুর ১২টায় দক্ষিণ মৌড়াইল গ্রামবাসীর ব্যানারে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বক্তব্য দেন।

এছাড়া বক্তব্য দেন মৌড়াইলের সাবেক কমিশনার হাজী আবদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অবসরপ্রাপ্ত সাংবাদিক মোহাম্মদ মূসা প্রমুখ।

সমাবেশ শেষে পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে মাদক ভয়াবহ রূপ ধারণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে সবাই মিলে এখনই মাদক রুখতে হবে।

“তাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকবিরোধী সমাবেশে আমরা স্থানীয় জনতাকে জাগিয়ে দিই আর জনতা মাদক প্রতিরোধ করে।”

তিনি আরও বলেন, “মানবাধিকারের কথা বলে অপরাধীদের পক্ষে সাফাই গাওয়া যাবে না।”

কোনো মাদক বিক্রেতা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে পুলিশ তাকে স্বাগত জানাবে বলে তিনি জানান।

এর আগে শহরের শিমরাইলকান্দি, ভাদুঘর ও শেরপুরে সমাবেশ করে মাদক বিক্রেতাদের ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে।