ময়মনসিংহে ভোটের সহিংসতায় আহত যুবকের মৃত্যু
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহ সদরে সদস্য পদের ‘পরাজিত এক প্রার্থীর সমর্থকদের’ হামলায় আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত এনামুল হকের (৩০) বাড়ি পরাণগঞ্জ ইউনিয়নে। ওই ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য বাবুলের সমর্থক ছিলেন তিনি। শনিবার ওই ইউনিয়নে ভোট হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রোববার বিকালে পরাণগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী জমশেদের সমর্থকরা বিজয়ী সদস্য বাবুলের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়।এতে মোট আটজন আহত হন।
পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় এনামুলকে ঢাকায় পাঠানো হয়।
এ নিয়ে চতুর্থ দফা ভোটের সহিংসতায় মোট নয়জন নিহত হলেন।
এর মধ্যে নরসিংদীর রায়পুরা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট চলার সময় একজন করে এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভোট গণনার সময় সংঘর্ষে একজন নিহত হন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভোটের সময় সংঘাতে আহত একজন রোববার হাসপাতালে মারা যান।
আর রাজশাহীর বাগমারার সব ইউনিয়নে একদিন আগে ভোটগ্রহণ স্থগিত করা হলেও সেখানে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।
