২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘রবির’ আলোয় শাহজাদপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়িতে তার ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 12:54 AM

Updated : 11 Oct 2022, 08:12 PM

শাহজাদপুরবাসীর দাবিতে সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হওয়ায় এবার কিছুটা ভিন্ন আঙ্গিকে কবির জন্মবার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী।

রবীন্দ্র কাচারি বাড়িটিকে সাজানো হয়েছে। শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে ৩ দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে নানা সামগ্রী নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা।

জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশিত হচ্ছে আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, গান, নাটক, চিত্রাংকন, গীতিনাট্য-কাব্যনাট্য ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান। প্রকাশিত হয়েছে স্বরণিকা।

শাহজাদপুরের জমিদারী ঠাকুর পরিবারের হাতে আসে রবীন্দ্রনাথের জন্মের আগে ১৮৪০ সনে। আর রবীন্দ্রনাথ ১৮৯০ সনে জমিদারীর দেখাশোনার জন্য প্রথম সেখানে যান।

তিনি এখানে অবস্থানকালে অনেক কবিতা, গান, নাটক, ছোটগল্প ও উপন্যাস লেখেন।

জমিদারী ভাগ হয়ে গেলে শাহজাদপুরের অংশটি পান রবীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুর।

শাহজাদপুরে তিনদিনের অনুষ্ঠান রোববার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও তৃতীয় দিন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ শাহজাদপুরের ৩০টি সংগঠন ৩ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিচ্ছে।