বুড়িগঙ্গায় তরুণের লাশ, সন্দেহ হত্যার
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নিখোঁজের দুইদিন পর তরুণের লাশ উদ্ধার হয়েছে, তবে পরিবারের সন্দেহ এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড।
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ‘বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে’ নিখোঁজ হন দক্ষিণ কেরানীগঞ্জের পাইনাচরের মাইনুদ্দিনের ছেলে মো. সাগর (২৩) ।
রোববার নিহতের বাবা মো. মাইনুদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “আমার ছেলে সাঁতার না জানায় তার বন্ধু শামিম ও ফরহাদ পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে কৌশলে আমার ছেলেকে রাতের আঁধারে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে হত্যা করে।
“আর এখন তারা নৌকাডুবির নাটক সাজাচ্ছে।”
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. বাদশা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে বুড়িগঙ্গায় লাশটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
“শুক্রবার রাতে উপজেলার জিনজিরা ফেরিঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয় দক্ষিণ কেরানীগঞ্জের পাইনাচর এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. সাগর (২৩) ।”
এসআই জানান, পুলিশ ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনার দিন শুক্রবার রাতে প্রায় তিন ঘণ্টা ও শনিবার সারাদিন উদ্ধার তৎপরতা চালালেও সাগরের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে জিনজিরা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সাগরের দুই বন্ধু ফরহাদ ও শামীমের বরাত দিয়ে এসআই বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চকবাজারের এক বন্ধুর বাড়ির অনুষ্ঠান শেষ করে শুক্রবার রাতে তারা তিনজন কেরানীগঞ্জে ফেরার পথে বুড়িগঙ্গা নদীতে নৌকায় পার হওয়ার সময় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝিসহ তারা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও সাগর তলিয়ে যায়।
রোববার রাতে কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না এটা হত্যা না দুর্ঘটনা।
নিহতের বাবা সন্দেহ করায় এ ঘটনায় শামীম ও ফরহাদকে এলাকাবাসী আটক করে পুলিশে দিলে তাদের জিজ্ঞাসাবাদ করে।
তবে এ ঘটনায় নিহতের পরিবার রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
